বার্তা সংস্থা আবনা : ইরান আরো একটি পরমাণু স্থাপনা প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। দ্বিতীয় এ স্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তেহরান রাশিয়কেই প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি। মস্কো সফরে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।
সালেহি জানান, "১৯৯২ সালের চুক্তির আওতায় আমরা রাশিয়ার সহায়তায় পাঁচ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুত উতপাদনের জন্য পরমাণু স্থাপনা নির্মাণ করতে রাজি হয়েছি।"
সালেহি বলেন, বুশেহর পরমাণু স্থাপনায় এক হাজার মেগাওয়াটের মতো বিদ্যুত উতপাদন হচ্ছে। রাশিয়ার সহায়তায় দেশে আরো চার হাজার মেগাওয়াট বিদ্যুত উতপাদনের জন্য নতুন পরমাণু স্থাপনা নির্মাণের সুযোগ রয়েছে।
তিনি আরো জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরান অল্প সময়ের মধ্যে পরমাণু কেন্দ্র থেকে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুত উতপাদনের পরিকল্পনা করেছে।
তিনি ১৯৯২ সালের চুক্তির প্রশংসা করে বলেন, খুব শিগগিরি বুশেহরে দ্বিতীয় পরমাণু বিদ্যুত স্থাপনা নির্মাণের কাজ শুরু হবে।
২০১১ সালের সেপ্টেম্বর মাসে বুশেহর পরমাণু বিদ্যুত কেন্দ্র চালু করা হয়। প্রথম দিকে শতকরা ৪০ ভাগ উতপাদন সক্ষমতা থাকলেও পরে তা পূর্ণ উতপাদনে গেছে।#রেডিও তেহরান